ভারতে ইলেকট্রিক গাড়ি বানাবে হুন্দাই

১৩ মার্চ, ২০২৩ ২৩:৪৫  

ভারতের মহারাষ্ট্রের তালেগাঁও-তে মার্কিন কোম্পানি জেনারেল মোটরস বা জিএম এর বন্ধ হয়ে যাওয়া কারখানার সম্ভাব্য অধিগ্রহণের জন্য প্রাথমিক চুক্তিতে (টার্মশিট) স্বাক্ষর করেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা হুন্দাই। ওই উৎপাদন কেন্দ্রটি এক সময় গাড়ি সংযোজন ও পাওয়ারট্রেন প্রোডাকশন ফেসিলিটি হিসাবে জিএম ব্যবহার করলেও, ২০২০ সাল থেকে কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

২০২০ থেকেই জেনারেল মোটরস তাদের এই কারখানাটি বিক্রির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। হুন্দাই সেটির মালিকানা গ্রহণ করলে প্রোডাকশন প্ল্যান্টটি নতুনভাবে জেগে উঠবে বলেই আশা করা হচ্ছে। চুক্তির শর্ত অনুসারে কারখানার জমি, বিল্ডিংসহ গাড়ি তৈরির যাবতীয় মেশিন এবং যন্ত্রাংশের অধিকার পাবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রস্তাবিত অধিগ্রহণ ‘নির্দিষ্ট সম্পদ ক্রয় চুক্তি’ সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং অংশীদারদের কাছ থেকে অনুমোদনের শর্ত পূরণ করেছে”। প্রসঙ্গত, ২০২০-র জানুয়ারিতে চীনের গ্রেট ওয়াল মোটরস (জিডব্লিউএম) এবং জেনারেল মোটরস (জিএম) তালেগাঁওয়ের কারখানাটি কেনার জন্য চুক্তি স্বাক্ষর করে। টার্মশিটের মেয়াদ দু’বছর বাড়ানো হলেও, গ্রেট ওয়াল ভারতে গাড়ি ব্যবসার সিদ্ধান্ত ত্যাগ করার কারণে চুক্তি শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে।

চূড়ান্ত চুক্তি এখনও না হলেও, হুন্দাই কারখানাটি কিনে নিয়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের প্রথম ডেডিকেটেড প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এ বছর জুন থেকে সংস্থাটি তাদের বার্ষিক উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে ৮.২ লাখ ইউনিট করার পরিকল্পনার কথা আগেই প্রকাশ করেছিলো। বর্তমানে ভারতে তাদের দুটি কারখানা রয়েছে। দুটিই তামিলনাড়ুতে অবস্থিত।

ডিবিটেক/বিএমটি